ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভারতে হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪২, ৭ নভেম্বর ২০২৬
ভারতে হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

ভারতের হায়দরাবাদের একটি হোটেলকক্ষ থেকে মিচেল ব্রায়ান লি নামে ৪১ বছর বয়সী এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের গাছিবৌলিতে এসএলএন টার্মিনাসে অবস্থিত ম্যারিয়ট এক্সিকিউটিভ অ্যাপার্টমেন্টসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করেছে সাইবারাবাদ কমিশনারেটের গাছিবৌলি থানার পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২ নভেম্বর ব্যবসায়িক সফরে অংশীদার ডেভিডকে সঙ্গে নিয়ে হায়দরাবাদে আসেন মিচেল ব্রায়ান লি। তারা দুজনই ওই হোটেলে অবস্থান করছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হোটেলের ১২ তলার ১২১৮ নম্বর কক্ষে ছিলেন লি। গত ৪ নভেম্বর সন্ধ্যা থেকে তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না সংশ্লিষ্টরা। বারবার ফোন করেও সাড়া না পেয়ে সন্দেহ হয় হোটেল কর্মীদের।

এরপর ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাস্টার চাবি দিয়ে কক্ষটি খোলেন হোটেল কর্মীরা। এ সময় লিকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

পরে জরুরি অ্যাম্বুলেন্স সেবা ১০৮-এ খবর দেওয়া হলে চিকিৎসাকর্মীরা হোটেলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

মিচেল ব্রায়ান লির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!