ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

তিন বিমানবাহী রণতরি নিয়ে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪০, ৪ নভেম্বর ২০২৬
তিন বিমানবাহী রণতরি নিয়ে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
ইরানে নতুন হামলার পরিকল্পনা কষছে যুক্তরাষ্ট্র। সংগৃহীত ছবি

ইরানে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির মধ্যবর্তী নির্বাচনের পরপরই, এমনকি বুধবার (৪ নভেম্বর) থেকেই হামলা শুরু হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি অবস্থান নেওয়ার পর এ অভিযান চালানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের ভিত্তিতে বুধবার মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের হাতে সময় সীমিত। নভেম্বরের শুরুর পর একটি মার্কিন বিমানবাহী রণতরির দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া চাঁদহীন রাত সামরিক অভিযান পরিচালনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে।

তবে ইরানে সামরিক হামলার বিষয়ে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। মন্ত্রিসভার কয়েকজন সদস্য মনে করছেন, সামরিক পদক্ষেপের পরিবর্তে নিষেধাজ্ঞা জোরদার এবং নৌ অবরোধের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা উচিত। তাদের ধারণা, এতে একপর্যায়ে ইরান সরকারের পতন ঘটতে পারে।

অন্যদিকে, প্রশাসনের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, নতুন করে সামরিক হামলা ছাড়া ইরান সরকারের পতনের সম্ভাবনা কম। এ কারণে তারা আরও সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, সামরিক প্রস্তুতি, আঞ্চলিক পরিস্থিতি এবং প্রশাসনের অভ্যন্তরীণ মতপার্থক্যের মধ্যেই ইরানে হামলার সম্ভাব্য সময় নির্ধারণ নিয়ে আলোচনা চলছে।

এদিকে, মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ও আঞ্চলিক মিত্রকে সম্ভাব্য হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার বিষয়ে প্রস্তুত থাকতে সতর্ক করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!