যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে হামলা, নিহত ২৪
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে ধারাবাহিক বন্দুক হামলা ও সহিংসতা ঘটনা ঘটেছে। এসব হামলায় কমপক্ষে অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। এতে উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে আতঙ্কে।
সোমবার (২ নভেম্বর) স্থানীয় পুলিশ ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদন বলা হয়, ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে নাইটক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জনসমাগমস্থলে এসব হামলার ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের ডিপ এলাম বিনোদন এলাকায়।
ডালাস পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত থেকে রোববারের প্রথম প্রহর পর্যন্ত প্রায় এক ঘণ্টা ১৫ মিনিটের ব্যবধানে সেখানে তিনটি পৃথক বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন।
ডালাস পুলিশের প্রধান ড্যানিয়েল কোমো বলেন, তিনটি হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে ঘটনাগুলো পরস্পর সম্পর্কিত বলে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার উদ্দেশ্য ও প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামেও ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, আলাবামা স্টেট ইউনিভার্সিটি ও আলাবামা এঅ্যান্ডএম ইউনিভার্সিটির মধ্যকার ঐতিহ্যবাহী ম্যাচের পর স্টেডিয়ামের বাইরে এবং পার্কিং এলাকায় এসব হামলা হয়। এতে একজন নিহত এবং আটজন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ম্যাচটি দেখতে প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন।
অন্যদিকে, ফ্লোরিডার জ্যাকসনভিল শহরে হ্যালোইন উদ্যাপনকে কেন্দ্র করে দুটি পৃথক বন্দুক হামলায় দুজন নিহত এবং অন্তত ১১ জন আহত হন।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, একটি হামলায় ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হন। অন্য ঘটনায় ২০ বছর বয়সী এক তরুণ প্রাণ হারান। পুলিশের প্রাথমিক তদন্তে দুটি ঘটনাতেই বিরোধ ও সংঘর্ষ থেকে গুলিবর্ষণের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
আরেক রাজ্য ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে একটি পোশাকের দোকানে বন্দুক হামলায় চার সন্তানের জননী ৩১ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই কিশোরের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে তদন্ত করছে।
এছাড়া মিসিসিপির জ্যাকসনে একটি নৈশক্লাবে বন্দুক হামলায় দুজন নিহত এবং চারজন আহত হন। ইলিনয়সে ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির কাছাকাছি গুলিতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত এবং সাতজন আহত হন। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটনেও বিশ্ববিদ্যালয় এলাকার কাছে বন্দুক হামলায় সাতজন আহত হয়েছেন।
নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছাকাছি হ্যালোইন উদ্যাপনের সময় ছয়জন গুলিবিদ্ধ হন। একই অঙ্গরাজ্যের এলেনডেলে একটি জনসমাগমস্থলে গুলিবর্ষণে ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হন এবং আরও আটজন আহত হন। এছাড়া আরকানসাস, টেক্সাস ও অন্যান্য অঙ্গরাজ্যেও বন্দুক হামলার খবর পাওয়া গেছে।
এদিকে, মিশিগানের ডেট্রয়েটের কাছে ম্যাডিসন হাইটসে একটি পোশাকের দোকানে বন্দুক হামলায় ২১ বছর বয়সী এক তরুণ নিহত হন। অন্যদিকে ডেট্রয়েট শহরে হ্যালোইন পোশাক পরে বাড়িতে খেলতে থাকা পাঁচ বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৩১ অক্টোবর হ্যালোইন উৎসব পালিত হয়। এ সময় মানুষ বিচিত্র পোশাক পরে রাস্তায় বের হন, বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে অংশ নেন। তবে উৎসবের সময় বিপুল জনসমাগম, মদ্যপান, মাদক গ্রহণ এবং আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা সহিংসতার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এফবিআইয়ের ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত অপরাধসংক্রান্ত তথ্য বিশ্লেষণে ৩১ অক্টোবরকে বছরের তৃতীয় সর্বাধিক সহিংস দিন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সূত্র: নিউইয়র্ক টাইমস