যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকার কাছে প্লেন বিধ্বস্ত, নিহত ৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আবাসিক এলাকার কাছে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুরে পাম বিচ কাউন্টির গ্রিনএকার্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। তবে মাটিতে থাকা কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ঘটনাটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দুর্ঘটনার তদন্তে সহায়তার জন্য একটি দল পাঠাচ্ছে। তদন্তের দায়িত্ব পালন করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে নামছিল উড়োজাহাজ
এফএএর তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় উড্ডয়নের সময় পাইলট প্রচণ্ড ঝাঁকুনি, বৃষ্টিপাত ও উড়োজাহাজের গায়ে বরফ জমার কথা জানান। পরিস্থিতি সামাল দিতে তিনি আরও দুই হাজার ফুট ওপরে ওঠার অনুমতি চান।
কিন্তু কিছুক্ষণ পরই উড়োজাহাজটি দ্রুত নিচে নামতে শুরু করে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, প্রতি মিনিটে নামার গতি ১০ হাজার ফুট থেকে বেড়ে ২০ হাজার এবং একপর্যায়ে ৩০ হাজার ফুটে পৌঁছায়।
‘আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’
দুর্ঘটনার আগে পাইলট একাধিকবার জরুরি সংকেত পাঠান। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথোপকথনে তিনি উড়োজাহাজে বরফ জমা ও প্রচণ্ড ঝাঁকুনির কথা জানান।
একপর্যায়ে তিনি ‘মে ডে, মে ডে’ বলে জরুরি বার্তা পাঠান। পরিস্থিতির আরও অবনতি হলে পাইলট জানান, উড়োজাহাজটি দ্রুত নিচে নেমে যাচ্ছে। শেষ মুহূর্তে তার কণ্ঠে শোনা যায়, ‘আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি।’ এরপর উড়োজাহাজটি ডান দিকে কাত হয়ে মাটিতে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থলে বড় গর্ত, সরিয়ে নেওয়া হচ্ছে ৬০০ বাসিন্দা
গ্রিনএকার্স এলাকায় একটি ব্যস্ত সড়কের পাশে উড়োজাহাজটি আছড়ে পড়ে। এতে মাটিতে বড় গর্ত তৈরি হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে উড়োজাহাজটিকে দ্রুত নিচে নেমে মাটিতে আছড়ে পড়তে দেখা যায়। এরপর চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, উড়োজাহাজটিকে ক্ষেপণাস্ত্রের মতো দ্রুত নিচে নেমে আসতে দেখা গেছে।
দুর্ঘটনার পর আশপাশের একটি মোবাইল হোম কমিউনিটি থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলের সড়ক বন্ধ রাখার কথা জানিয়েছে পাম বিচ কাউন্টি কর্তৃপক্ষ।
দুর্ঘটনার সময় ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। তবে বৃষ্টি, উড়োজাহাজে বরফ জমা ও প্রচণ্ড ঝাঁকুনির কারণে কীভাবে এটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয়ও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)