ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

২ বছর পর ক্ষমতা ছাড়বেন নেতানিয়াহু !

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮, ১ নভেম্বর ২০২৬
২ বছর পর ক্ষমতা ছাড়বেন নেতানিয়াহু !
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকট/ ছবি: আনাদোলু এজেন্সি

ইসরায়েলের নির্বাচনে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকটের মধ্যে ক্ষমতা ভাগাভাগির একটি সমঝোতার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির টেলিভিশন চ্যানেল ১৪।

গত বুধবার (২৮ অক্টোবর) প্রচারিত এক প্রতিবেদনে চ্যানেলটি জানায়, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই সমঝোতার প্রস্তাব এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। প্রতিবেদনে দাবি করা হয়, নির্বাচনি প্রচার শুরুর এবং ফলাফল ঘোষণার অনেক আগে থেকেই এ উদ্যোগ নিয়ে কাজ করছেন তিনি। গত দুই বছর ধরে এ বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট।

প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টে আসন বণ্টনের বর্তমান চিত্র অপরিবর্তিত থাকলে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবটি বাস্তবায়নের সুযোগ থাকতে পারে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার স্বার্থে নেতানিয়াহু প্রথম দুই বছর প্রধানমন্ত্রী পদে থাকতে চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে চ্যানেল ১৪-এর এ প্রতিবেদন সরাসরি নাকচ করেছে ইসরায়েলের প্রেসিডেন্টের কার্যালয়। এক বিবৃতিতে প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করে কার্যালয়টি জানায়, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, সে বিষয়ে আগাম কোনো আলোচনা করছে না প্রেসিডেন্টের কার্যালয়। আগামী বুধবারের আগে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রেসিডেন্টের কাছে পৌঁছানোর কথা নয়।

আনুষ্ঠানিক ফলাফল পাওয়ার পর সংবিধান অনুযায়ী পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করবেন প্রেসিডেন্ট হারজগ। এসব আলোচনার ভিত্তিতেই সরকার গঠনের দায়িত্ব কোন দল বা নেতাকে দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, গত বুধবার সন্ধ্যায় প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা যায়, ৮৫ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো পক্ষই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

এ ছাড়া বিশেষ ভোটের গণনা এখনো বাকি রয়েছে। সেনাসদস্য, কারাবন্দি, কূটনীতিক ও হাসপাতালে চিকিৎসাধীন ভোটারদের দেওয়া ভোট এ গণনার অন্তর্ভুক্ত। এসব ভোট গণনা শেষে আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ। ২০২২ সালের নির্বাচনের তুলনায় ভোটার উপস্থিতি বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ। ১৯৯৯ সালের পর দেশটিতে এটিই সর্বোচ্চ ভোটার উপস্থিতি বলে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!