ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সাইবার হামলার শিকার কি ডিএমপি নিউজ?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮, ১ নভেম্বর ২০২৬
সাইবার হামলার শিকার কি ডিএমপি নিউজ?
সংগৃহীত ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনলাইন সংবাদমাধ্যম ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি প্রদর্শিত হয়েছে। এ ঘটনায় ওয়েবসাইটটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার পর থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে এটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে সেখানে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং রাজনৈতিক বার্তা সংবলিত একটি ছবি প্রদর্শিত হচ্ছে। ছবিতে লেখা ছিল, ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ এ সময় ওয়েবসাইটের পেছনে মিউজিকও শোনা যায়।

ওয়েবসাইটে এ ধরনের পরিবর্তনের পর সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কারা বা কী উদ্দেশ্যে ওয়েবসাইটটিতে এসব কনটেন্ট যুক্ত করেছে, তা এখনো জানা যায়নি।

ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মহানগর পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য এবং পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোন ও মেসেজের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, কারা এর পেছনে রয়েছে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে—এসব বিষয়ে ডিএমপি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!