ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২, ১ নভেম্বর ২০২৬
৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ
সংগৃহীত ছবি

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রী ও কর্মজীবী মানুষ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন রোববার সকালে  বলেন, সকাল থেকেই মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমেছেন। তারা সড়ক অবরোধ করে নিজেদের দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর ১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, শনিবার দুপুরে শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর এলাকা থেকে সরে শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর শাহ আলী থানাধীন এলাকায় একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে কারখানাটিতে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে।

এ সময় একটি বিপণিবিতানেও ভাঙচুর চালানো হয়। পরে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন কালশীর আদর্শনগর এলাকায় অবস্থিত ২২ তলা পোশাক কারখানায়ও শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!