[ শিশুকিশোর ]
পাখির ক্যালেন্ডার
তবুও পাখির চোখে ভাসে আশা দুধের সর/ জীবন হবে মুক্ত নদী স্বাধীন হবে ঘর
রোজ
একটি পাখি স্বপ্ন আঁকে ভোরের
সুরমা সজল সবুজ শ্যামল দোরের।
ফিনফিনে মন ভাবনা ভাবে আরও
মস্ত আকাশ ড্রয়িং খাতা হবে
মেঘ মুলুকে পাখনা মেলে রবে
বাতাস হবে মুক্ত স্বাধীন
সরস হবে নীড়
ইচ্ছে হলে ভাসবে জলে
হীরা, ইছামতীর।
কিন্তু পাখির ক্যালেন্ডারে শুধুই চোখের জল
জীবন সুতোয় আঁচড় কাটে রোজ শিকারীর দল।
বুকের মাঝে শূল বিঁধে দেয় মটকে জীবন ঘাড়
উজাড় করে বন-বনানীর ফকফকে বাঁশঝাড়।
আর এভাবে কতো
কবজ হবে পাখির রূহ
জীবন হবে গত।
তবুও পাখির চোখে ভাসে আশা দুধের সর
জীবন হবে মুক্ত নদী স্বাধীন হবে ঘর
ইচ্ছে হলেই যাবে উড়ে বাতাস করে গাড়ি
আইন শিকলে বন্দী হবে দুষ্ট শিকারী।
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!