ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ

সিসিটিভিতে মিলল নতুন তথ্য
ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:১০, ৩১ অক্টোবর ২০২৬
সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনা। এ ঘটনা তদন্তে সামনে এসেছে নতুন তথ্য। জানা গেছে, মৃত্যুর রাতে এক বান্ধবীকে নিয়ে প্রায় দেড় ঘণ্টা উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে ছিলেন তাহসিফ।

এ ঘটনার একটি সিসিটিভির ফুটেজ ভাইরাল হয়েছে। যেখানে ওই নারী ছাড়াও জুনিয়র বন্ধু এবং এলাকার ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকেও তাহসিফের সঙ্গে দেখা গেছে। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা ওই তরুণীকে তার বান্ধবী হিসেবে উল্লেখ করেছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ ও তার বান্ধবী উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে যান। তারা একটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে আসেন দীপ। মোটরসাইকেল পার্ক করে তিনজনই রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেন। 

অন্য একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও তার বান্ধবী লিফটে উঠছেন। এ সময় তারা দীপের জন্য অপেক্ষা করছিলেন। পরে হেলমেট পরা অবস্থায় দীপ সেখানে পৌঁছালে তিনজন একসঙ্গে বারের লিফটে ওঠেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রেস্টুরেন্ট অ্যান্ড বারে তারা প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। তিনজন আবার মোটরসাইকেলে করে সেখান থেকে বেরিয়ে যান। পরে তাহসিফ তার বান্ধবীকে বাসায় নামিয়ে দেন। এরপর তাহসিফ ও দীপ যান টঙ্গীর মাজার বস্তি এলাকায়।

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা তদন্তে ওই রাতের চলাচল এবং বিভিন্ন স্থানে তার অবস্থানের তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। তবে সিসিটিভি ফুটেজে পাওয়া এসব তথ্যের বিষয়ে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!