গুলশানের কিংফিশারে অভিযান, বিপুল অ্যালকোহল জব্দ
রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার গোয়েন্দা সংস্থার সমন্বিত দল।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের ৪৫ নম্বর সড়কের ৩৩ নম্বর প্লটে অবস্থিত কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে এ অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে অভিযান।
সোমবার (২৬ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্ক ফাঁকি দিয়ে অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় সংগ্রহ এবং বিক্রি করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়।
এনবিআর জানায়, অভিযানে অবৈধ উৎস বা চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করা অ্যালকোহল মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি এসব পণ্য বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি, বিক্রির অর্থ আয়কর নথিতে যথাযথভাবে প্রদর্শন এবং সংশ্লিষ্ট লেনদেনের সঙ্গে অর্থপাচারের কোনো সম্পর্ক রয়েছে কি না, তাও যাচাই করা হয়।
এনবিআরের নির্দেশনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
এতে অংশ নেয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
এনবিআরের তথ্যমতে, কাস্টমস আইন, ২০২৩; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং আয়কর আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে।
তবে অভিযানে ঠিক কত পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়েছে, তা এখনো জানানো হয়নি।
এনবিআর জানিয়েছে, জব্দ করা পণ্যের পরিমাণ, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির হিসাব এবং পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।