ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সেন্ট মার্টিনে দিনে সাড়ে তিন হাজার পর্যটকের সুযোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:০০, ২৬ অক্টোবর ২০২৬
সেন্ট মার্টিনে দিনে সাড়ে তিন হাজার পর্যটকের সুযোগ
সংগৃহীত ছবি

দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে আগামী ১ নভেম্বর থেকে পর্যটক ভ্রমণ শুরু হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। তবে প্রতিদিন গড়ে সর্বোচ্চ তিন হাজার ৫০০ পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন।

রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখার সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া নৌঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সরাসরি সেন্ট মার্টিনে যাতায়াত করবে।

এবার দ্বীপটিতে পর্যটক ভ্রমণের সময়সীমা বাড়ানো হয়েছে। আগে তিন মাস পর্যটক ভ্রমণের সুযোগ থাকলেও নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে প্রায় সাড়ে চার মাস করা হয়েছে।

একই সঙ্গে দৈনিক পর্যটকের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক যাওয়ার অনুমতি থাকলেও এবার তা বাড়িয়ে গড়ে তিন হাজার ৫০০ জন নির্ধারণ করা হয়েছে।

তবে পরিবেশগতভাবে সংকটাপন্ন এ দ্বীপে ভ্রমণ করতে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা করে পরিবেশ ফি দিতে হবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌপরিবহন অধিদপ্তর সেন্ট মার্টিনে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।

মূলত দ্বীপটির পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি নিয়ন্ত্রিত পর্যটন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!