পেট্রোল নিয়ে ঘরে ফেরা হলো না তরুণ মাশরাফির
পটুয়াখালীর কলাপাড়ায় তেলের পাম্প থেকে পেট্রোল নিয়ে ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাশরাফি নামে ১৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে রোববার সন্ধায় কলাপাড়া পৌর শহরের বিসমিল্লাহ ফিলিং স্টেশন থেকে তার মোটর সাইকেলের জন্য পেট্রোল নিয়ে ফেরার পথে অপর একটি মোটরসাইকেল'র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ।
এতে দুই মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা মাশরাফিকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে দ্রুত বরিশাল প্রেরণ করেন। পরে পথিমধ্যে রাতেই তার মৃত্যু হয়। নিহত মাশরাফি শিকদার উপজেলার নীলগঞ্জ ইউপির ইসলামপুর গ্রামের নাসীর শিকদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা আউয়াল জানান, দুর্ঘটনায় মাশরাফির হাত, পা ভেঙে যাওয়া সহ মোটরসাইকেলের হ্যান্ডেল ভেঙে বুকের মধ্যে ঢুকে গেছে। মাত্র ১৮ বছর বয়সী একমাত্র ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় মা,বাবা। এছাড়াও এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বিষয়ে কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর আমাদের কাছে রয়েছে। তবে তার রাতে মৃত্যু হয়েছে তা এখন জেনেছি।