ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘেরের পানির নিচে ডুবে ছিল চাষির লাশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১১:১০, ২৬ অক্টোবর ২০২৬
ঘেরের পানির নিচে ডুবে ছিল চাষির লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ মৎস্য ঘেরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম ফকির নামে এক চাষির মৃত্যু হয়েছে। সবার অগোচরে এই চাষি বিদ্যুতায়িত হয়ে ঘেরের পানিতে ডুবে গেলে পরে ফায়ারসার্ভিস কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে। 

রোববার (২৫ অক্টোবর) রাত সোয়া এগারোটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির হাজিপুর বাজারসংলগ্ন সদরপুর গ্রামে বেড়িবাঁধের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ওই কৃষক রোববার (২৫অক্টোবর) সন্ধ্যায় নিজের মাছের খামারে পানি সেচ দিচ্ছিলেন। কিন্তু অনেক সময় ধরে তিনি নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা তার সন্ধানে নামে। পরে ফায়ারসার্ভিস কর্মী ও পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে ওই চাষির মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা,  পানি সেচ দিতে গিয়ে অসাবধানার কবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানির নিচে তলিয়ে যান নুরুল। ফলে দীর্ঘ কয়েক ঘন্টা তিনি নিখোঁজ ছিলেন। পানি সেচের ব্যবহৃত মোটরের বিদ্যুত কেবল থেকেই এই দুর্ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্মীরা।

কলাপাড়া ক্ষেপুপাড়া ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার শাহাদাত হোসেন  বলেন, বৈদ্যুতিক তার সরিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পানির নিচে ডুবে ছিল। স্থানীয়রা কেউ তোলার সাহস করেনি। এটা মোটর চালিত সংযোগ কেবল থেকেই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকালে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম  বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/কলাপাড়া/এআর/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!