ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সরকারের সমালোচনা করে নারী উদ্যোক্তা পুলিশ হেফাজতে

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৫, ২৬ অক্টোবর ২০২৬
সরকারের সমালোচনা করে নারী উদ্যোক্তা পুলিশ হেফাজতে
সাথী বিউটি পার্লারের মালিক সাথী আক্তার

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকার ও বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করায় স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সাথী আক্তার ওই এলাকার সাথী বিউটি পার্লারের মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে আসেন সাথী আক্তার। এ সময় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে একাধিক চুরির ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি।

লাইভে সাথী দাবি করেন, তাঁর দুটি শোরুমসহ আশপাশের কয়েকটি দোকান থেকে বৈদ্যুতিক তার, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তার এবং বাসা থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এসব ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করে বিএনপি সরকারের সমালোচনা করেন।

পরে তাঁর ফেসবুক লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে।

এর জেরে রাতে কয়েকজন রাজনৈতিক কর্মী ও স্থানীয় বাসিন্দা সাথী আক্তারের পার্লারে গিয়ে তাঁর বক্তব্যের বিষয়ে জানতে চান। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

পার্লারে হামলা ও ভাঙচুরের আশঙ্কায় পুলিশকে খবর দেওয়া হলে ভালুকা মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে সাথী আক্তারকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় যায় পুলিশ।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

তিনি বলেন, ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে থাকতে পারে। তবে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশ ও সমালোচনা করার অধিকার রয়েছে।

ওসি আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!