ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বিমান চলাচলে বাড়ছে নিরাপত্তা চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১, ২৬ অক্টোবর ২০২৬
বিমান চলাচলে বাড়ছে নিরাপত্তা চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান
সংগৃহীত ছবি

বিমান চলাচল খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন সম্ভাবনা তৈরি করার পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রেও নানা চ্যালেঞ্জ সৃষ্টি করছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক উড্ডয়ন সেমিনার-২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

বিমান বাহিনী প্রধান বলেন, ফ্লাইট সেফটি নিশ্চিত করতে উন্নত প্রযুক্তির ব্যবহার, যথাযথ প্রশিক্ষণ, দক্ষ জনবল, কার্যকর নেতৃত্ব, আন্তঃসংস্থা সমন্বয় এবং দলগত কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, উড্ডয়ন নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করে তুলতে প্রযুক্তি, প্রশিক্ষণ এবং দলগত কার্যক্রমের সমন্বিত প্রয়োগ প্রয়োজন। পরিবর্তিত প্রযুক্তিগত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।

হাসান মাহমুদ খাঁন বলেন, আন্তর্জাতিক এ ধরনের সেমিনার অংশগ্রহণকারী দেশ ও সংস্থাগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা এবং সর্বোত্তম চর্চা বিনিময়ের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে ফ্লাইট সেফটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানো সম্ভব।

সেমিনারে ভবিষ্যৎ উপযোগী উড্ডয়ন নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, দলগত কার্যক্রম এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, তিন দিনব্যাপী এ সেমিনারে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের বিমান বাহিনীর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!