ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে এক দিনে গ্রেপ্তার ৫৯৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৪, ২৫ অক্টোবর ২০২৬
রাজধানীতে এক দিনে গ্রেপ্তার ৫৯৮
সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধের ঘটনায় ৪১টি মামলা করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও জাল টাকাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৪২ জন, ওয়ারীতে ৭১ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ১০০ জন, মিরপুরে ১৭৮ জন, গুলশানে ৫৪ জন এবং উত্তরা বিভাগে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে আরও তিনজনকে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির একটি অংশ, তিনটি চাকু ও আটটি লোহার রড উদ্ধার করা হয়।

এ ছাড়া এক কেজি ৪৫০ গ্রাম ও ২১ পুরিয়া গাঁজা, ৯ হাজার ৫৮ পিস ইয়াবা এবং দুই গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইলফোন, ২০০ টাকা মূল্যমানের ৩২০টি জাল নোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কিবোর্ড এবং নগদ ১০ হাজার ১০০ টাকা।

অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!