ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১, ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে কক্সবাজার রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন রুটে চলাচল করবে ট্রেনটি। একই সঙ্গে কার্যকর হবে এর নতুন সময়সূচি। এতে ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।

সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। পথে ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রাম পৌঁছাবে এবং রাত ৩টা ২০ মিনিটে সেখান থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে।

ফিরতি পথে ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর ঢাকার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

যেসব স্টেশনের যাত্রীরা সরাসরি কক্সবাজার যেতে পারবেন

মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের ফলে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের বিরতিহীন যাত্রার কারণে এসব স্টেশনের যাত্রীরা সরাসরি ওই ট্রেনগুলোতে কক্সবাজার যাওয়ার সুবিধা পেতেন না। মহানগর এক্সপ্রেসের নতুন রুট চালু হলে তাঁদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এতে কক্সবাজারগামী পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি রেলওয়ের আয়ও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আসনসংখ্যা ও সাপ্তাহিক বন্ধ

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ। ট্রেনটিতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। প্রতি রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, নতুন রুটে ট্রেন চলাচল শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে এ রুটের টিকিট বিক্রিও শুরু হয়েছে।

নতুন এই পরিষেবা চালু হলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন এলাকার যাত্রীদের জন্য কক্সবাজার যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!