ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ফ্যামিলি কার্ডে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪১, ২৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডে শতভাগ  স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ব্যস্ত একজন কর্মী। ছবি: এআই প্রযুক্তি

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করা সম্ভব হবে। এতে সরকারি সহায়তা দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোর কাছে পৌঁছানো নিশ্চিত করা যাবে। পাশাপাশি অনিয়ম, বৈষম্য ও অপব্যবহার রোধ করা সম্ভব হবে।

তিনি বলেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক এবং সদস্য মুহাম্মদ শওকত আলম, মেহেদী হাসান সুজন ও শাহীনুর আলম শাহীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ।

এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হয়। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নির্ভুল তথ্যসংগ্রহ এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!