ত্রিশালে বাগান ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি লিটন
ময়মনসিংহের ত্রিশালে বাগান ইসলামিয়া আলিম মাদরাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাদরাসা প্রাঙ্গণে চারতলা ভিত্তির ওপর নির্মিতব্য একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, জীবনে সফলতা অর্জন ও প্রতিষ্ঠিত হতে পড়াশোনার বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার করতে হবে। লক্ষ্য অর্জনে সময়ের সদ্ব্যবহার গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদেরও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে হবে।
নতুন ভবন নির্মাণের বিষয়ে তিনি বলেন, এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৪ সালে তিনি প্রতিষ্ঠানটির আগের ভবন নির্মাণ করেছিলেন। এবারও মাদরাসার শিক্ষার পরিবেশ উন্নয়নে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, জিয়াউল হাসান জামিল, আনিছুজ্জামান মৃধা ও আব্দুল আউয়াল ফরাজীসহ স্থানীয় বিএনপি ও মাদরাসা পরিচালনা কমিটির নেতারা।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।