ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এইচএসসিতে শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের সবাই অকৃতকার্য

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের সবাই অকৃতকার্য
ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৯ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য। একসঙ্গে সব পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির পাঠদান ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। ফলাফল প্রকাশের পর দেখা যায়, তাদের মধ্যে একজনও পাস করতে পারেনি।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের এমন ফলের পেছনে পাঠদানের মান, শিক্ষকদের ভূমিকা, নিয়মিত ক্লাস এবং শিক্ষার পরিবেশ কতটা দায়ী, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এক আকবর হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে এবার ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। তারা লেখাপড়ায় চরম অমনোযোগী ছিল এবং নিয়মিত কলেজে আসত না। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও অভিভাবকদের অনুরোধে সবাইকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এ কারণে এমন ফল হয়েছে।

কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকশানা পারভীন বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়া কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!