ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক দিনের ব্যবধানে কালীগঞ্জে দুই মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৯, ৩১ অক্টোবর ২০২৬
এক দিনের ব্যবধানে কালীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধারের পরদিন আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বাড়ির একটি কক্ষ থেকে কলেজছাত্র অনিক বিশ্বাসের (১৮) মরদেহ উদ্ধারের পর শনিবার সকালে পৌরসভার বালীগাঁও এলাকা থেকে দেলোয়ার হোসেন (৫০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। দুই মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে উভয় ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পারছে না।

অনিক বিশ্বাস কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের মধ্য চুয়ারিয়াখোলা গ্রামের রতন বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা নারায়ণ বিশ্বাস জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির একটি কক্ষে অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

অন্যদিকে শনিবার সকালে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও চৌধুরীবাড়ী এলাকার শিশু মিতালী পার্কসংলগ্ন একটি পুকুরপাড় থেকে দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

দেলোয়ারের স্ত্রী মোর্শেদা বেগম জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ি ফিরে তিনি স্বামীকে দেখতে পান। পরে কোনো একসময় তিনি বাসা থেকে বেরিয়ে যান। শনিবার সকালে স্বামীকে বাসায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার মৃত্যুর খবর পান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, প্রাথমিকভাবে দুটি ঘটনাকেই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!