‘প্রেরণার উৎস’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
গাজীপুরে আমেরিকাপ্রবাসী লেখক হাতেম অর রশীদের লেখা ‘প্রেরণার উৎস’ বইয়ের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে পোশাকশিল্পের প্রসারে অন্যতম উদ্যোক্তা প্রয়াত হারুন অর রশীদের জীবন ও কর্ম নিয়ে বইটি রচিত হয়েছে।
গাজীপুরের ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
অনুষ্ঠানে বইটির বিষয়বস্তু ও প্রয়াত হারুন অর রশীদের কর্মময় জীবন নিয়ে আলোচনায় অংশ নেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক কামাল উদ্দিন, ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক মামুন অর রশীদ, শিল্পপতি ইমরুল আনোয়ার রিপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কাউছার, বিজিএমইএর পরিচালক রুমানা রশীদ এবং ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিচালক তানভীর জিয়াউর রশীদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জিএম বাবুল মিয়া, এজিএম শফিকুর রহমান, নাসরিন আক্তার, আবদুর রহমান তুহিনসহ অন্যরা।
বইটিতে প্রয়াত হারুন অর রশীদের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা দেশের পোশাকশিল্পের বিকাশে তাঁর অবদান সম্পর্কে পাঠকদের ধারণা দেবে।