ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টঙ্গীতে আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানা, যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ৩১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানা, যুবক গ্রেপ্তার
টঙ্গীতে আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানা। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়ির চতুর্থ তলায় ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বাড়ির ভেতরে গোপন কক্ষে গড়ে তোলা ওই কারখানা থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার এলাকার আলেক টেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ইয়াবা তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম ও রাসায়নিক উপাদান সংগ্রহ করে সেখানে কারখানাটি গড়ে তোলার প্রস্তুতি নিয়েছিলেন বাপ্পি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে বাপ্পির বাড়ির ওপর নজরদারি করা হচ্ছিল। পরে অভিযান চালিয়ে বাড়ির চতুর্থ তলায় একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া যায়। ওই কক্ষে ইয়াবা তৈরির সরঞ্জাম ও বিভিন্ন রাসায়নিক উপাদান মজুত ছিল। সেখান থেকে এসব উপকরণ জব্দ করা হয়েছে।

পুলিশের কাছে গ্রেপ্তারের আগে সাংবাদিকদের বাপ্পি দাবি করেন, ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে তিনি ইয়াবা তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন। প্রেমের বিরহে নিঃস্ব হয়ে পড়ার পর ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন তিনি। কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে রাসায়নিক উপাদান সংগ্রহ করেছেন বলেও দাবি করেন তিনি। তবে তখনো সব ধরনের রাসায়নিক উপাদান সংগ্রহ করতে পারেননি বলে জানান বাপ্পি।

স্থানীয় বাসিন্দারা জানান, নাজমুল ওই এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের বড় ছেলে। কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাপ্পির বাড়ির চতুর্থ তলায় ইয়াবা তৈরির কারখানা ও রাসায়নিক উপাদান মজুত থাকার তথ্য পাই। পরে সেখানে অভিযান চালানো হয়। বাড়ির ভেতরে গোপন একটি কক্ষে কারখানাটি স্থাপন করা হয়েছিল। সেখানে ইয়াবা তৈরির বিভিন্ন রাসায়নিক উপাদান ও সরঞ্জাম পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ইয়াবা তৈরির জন্য এসব রাসায়নিক উপাদান সংগ্রহের কথা স্বীকার করেছেন।’
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!