ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুনের চার দিনেও বন্ধ উৎপাদন, তদন্তে কমিটি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ১৮ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুনের চার দিনেও বন্ধ উৎপাদন, তদন্তে কমিটি
ওষুধ কারখানায় আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানার ইউনিট-২-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও শুরু হয়নি উৎপাদন কার্যক্রম। এখনো জানা যায়নি আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। এ ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার থেকে কমিটি আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করবে।

রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম এ তথ্য জানান। তিনি বলেন, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এরপর কারখানাটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
অগ্নিকাণ্ডের পরদিন ১৫ অক্টোবর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নোটিশ দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে ইউনিটটিতে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ উৎপাদন শুরু হতে পারে, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কারখানা কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, তা জানা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।
তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কারখানার অগ্নিনিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখবে বলে আশা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো স্পষ্ট হবে কি না, এখন সেটিই দেখার বিষয়।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!