ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় হত্যা-ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ১৮ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় হত্যা-ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশব্যাপী হত্যা, নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের সদস্যরা। এ সময় সহিংসতা বন্ধ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

 

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের পিটিআই-সংলগ্ন পিএন স্কুল মাঠে এ মানববন্ধনের আয়োজন করে এক্টিভিস্টা সাতক্ষীরা। 

 

বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো, স্বদেশ ও উত্তরণের যৌথ বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচিতে সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাসের পরিচালনায় ও স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক নেতা আলী নুর খান বাবুল, হেনরি সরদার, মানবাধিকার কর্মী এ্যাডভোকেট মনির উদ্দিন প্রমুখ।

 

সহিংসতা নয়, সুবিচার চাই প্রতিপাদ্যে আয়োজিত মানববন্ধনে যুব সংগঠনের সদস্য, তরুণ স্বেচ্ছাসেবক, সামাজিক ও মানবাধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, অপরাধের অভিযোগে কাউকে গণপিটুনি দেওয়া কিংবা গুজব ও উসকানির ভিত্তিতে সহিংসতা সৃষ্টি ন্যায়বিচারের বিকল্প হতে পারে না। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করতে হবে।

 

তারা আরও বলেন, হত্যা, নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতা প্রতিরোধে যুবসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। নারী ও শিশুসহ সব মানুষের নিরাপত্তা, মর্যাদা ও মৌলিক অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

 

মানববন্ধনে জেলা সম্প্রীতি ও সুরক্ষা কমিটি, ইয়ুথ অ্যালায়েন্স নেটওয়ার্ক, সিডো, স্বদেশ, এইচআরডিএফ, বেতনা যুব উন্নয়ন সংস্থা, মানবাধিকার আইনজীবী ফোরাম সাতক্ষীরা, সৃজনী মহিলা লোককেন্দ্র, ইয়ুথ গার্লস গ্রুপ, প্রগতি, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, বিডি ক্লিন, ভিবিডি, জেডিএফ ও প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

 

কর্মসূচি থেকে সহিংসতা বন্ধ, অপরাধের নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিচার এবং মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!