মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল ফি ৮ হাজার টাকা নির্ধারণ
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিক্যাল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। একই সঙ্গে মেডিক্যাল পরীক্ষা করানোর ক্ষেত্রে দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, কোনো মেডিক্যাল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো এজেন্সি মেডিক্যাল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত মেডিক্যাল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।
কোনো মেডিক্যাল সেন্টার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি করলে, কর্মীদের হয়রানি করলে কিংবা অন্য কোনো অনিয়মে জড়ালে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। অভিযোগ জানাতে ইমেইল করা যাবে [email protected] ঠিকানায়।
এ ছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপ সংগ্রহের জন্য কোনো ফি দিতে হয় না। মেডিক্যাল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিক্যাল সেন্টারগুলোকে এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।