ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

বৈধ কাগজপত্র না থাকায় এম আর ট্রেডার্সের গুদাম সিলগালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪, ২ নভেম্বর ২০২৬
বৈধ কাগজপত্র না থাকায় এম আর ট্রেডার্সের গুদাম সিলগালা
ছবি: সংগৃহীত

বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নারায়ণগঞ্জের টানবাজারে এম আর ট্রেডার্সের একটি গুদাম সিলগালা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গুদামটিতে সোডিয়াম হাইড্রোসালফাইটসহ প্রায় ৮১ দশমিক ৬ টন কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল মজুদ পাওয়া গেছে।

রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এম আর ট্রেডার্সের গুদামে অভিযান চালান কাস্টমস গোয়েন্দারা। এ সময় মজুদ করা পণ্যগুলোর ক্রয়, আমদানি কিংবা বৈধভাবে সংরক্ষণের কোনো কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে গুদামটি সিলগালা করা হয়।

একই দিন সিম ফেব্রিক্স লিমিটেডেও অভিযান পরিচালনা করেন গোয়েন্দারা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গত ১৭ অক্টোবর বিল অব এন্ট্রি নম্বর সি-১২৯৩৪৮২-এর মাধ্যমে ভারত থেকে বন্ড সুবিধায় ৪৫ টন সোডিয়াম হাইড্রোসালফাইট আমদানি করে প্রতিষ্ঠানটি। তবে অভিযানের সময় আমদানি করা এসব কেমিক্যালের মজুদ বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি সিম ফেব্রিক্স।

সূত্র জানায়, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদনকাজে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সিম ফেব্রিক্সের আমদানি করা কেমিক্যালের হদিস না পাওয়া এবং এম আর ট্রেডার্সের গুদামে বিপুল পরিমাণ কেমিক্যালের বৈধ কাগজপত্র না থাকায় বিষয়টি সন্দেহের সৃষ্টি করেছে।

তদন্তকারীরা ধারণা করছেন, বন্ড সুবিধায় আমদানি করা কেমিক্যাল উৎপাদনে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি সিম ফেব্রিক্সের আমদানি করা কেমিক্যালের সঙ্গে এম আর ট্রেডার্সের গুদামে পাওয়া পণ্যের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

এ ছাড়া গুদামে পাওয়া কেমিক্যালের উৎস, আমদানি ও ক্রয়-বিক্রয়ের তথ্য এবং বন্ড সুবিধার অপব্যবহারের বিষয়টি যাচাই করছেন গোয়েন্দারা। এ ঘটনায় সরকারের কী পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজও চলছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার, শুল্কমুক্ত কাঁচামালের অবৈধ বাজারজাতকরণ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!