রাজপথ উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
শ্রমিক আন্দোলনের নামে জামায়াতে ইসলামী রাজপথ উত্তপ্ত করছে এবং আন্দোলনের মধ্যে ঢুকে আওয়ামী লীগ আগুন লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দিবো’—লংমার্চ থেকে জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে সৃষ্ট অরাজকতার দায় জামায়াত এড়াতে পারে কি না, সেই প্রশ্ন রয়েছে।
তিনি আরও লেখেন, জামায়াত রাজপথ উত্তপ্ত করছে, আর আন্দোলনের মধ্যে ঢুকে আওয়ামী লীগ আগুন লাগিয়ে দিচ্ছে। তাঁর দাবি, গতকাল মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে এমন ঘটনা ঘটেছে।
দেশবিরোধী শক্তিগুলো ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।
তিনি অভিযোগ করেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকলেও গতকাল জামায়াত ও এনসিপির নেতা-কর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিলেন। এ সুযোগে আওয়ামী লীগের কর্মীরা শ্রমিকের ছদ্মবেশে পুলিশের গাড়ি, মানুষের পিকআপ ও পোশাক কারখানায় আগুন দিয়ে চলে যান বলে দাবি করেন তিনি।
অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন। একই সঙ্গে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে উসকানি দেওয়ার অভিযোগে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনা উচিত কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।