ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ শিশুকিশোর ]

ছড়াকারের দাম নাই

ইমরান পরশ
প্রকাশিত: ১১:২৮, ২ নভেম্বর ২০২৬
ছড়াকারের দাম নাই
এমন অনেক থোকা থোকা  নাম আছে তা ঠিক  একটা ছড়ায় যায় কি বোঝা ছড়ার চতুর্দিক?

ছড়া লিখে হবেটা কী
ছড়াকারের দাম নাই!
এত্ত মানুষ ছড়া লেখে
কজন চেনে নাম নাই!

ছড়া লেখেন আসলাম সানী
রিটন - আমীরুল
রফিকুল হক, আনজীর লিটন
সুজন, আনিসুল!

রহীম শাহও কম যান না
কিশোর কবিতায়
শফিক-কাইজার-ফারুক নওয়াজ
লেখেন মমতায়।

ছড়া লিখে পাননি তো নাম
হননি খ্যাতিমান?
এসব কথার জবাব দিলেন
রোমেন রায়হান।

ছড়া লেখেন ফারুক হোসেন
কোথায় এখন তিনি?
কিশোরগঞ্জে জাহান আছেন
আমরা তাকে চিনি। 

চট্টগ্রামে রাশেদ রউফ
মোদাচ্ছের, উৎপল
জসীম- আলম-আখতারুলের
ছন্দ ছলাৎছল।

ওয়াহিদ -শিরুল- শিবু কান্তি 
লেখেন অবিরত
শান্তু- লিয়ন- মান্না- শামীম
প্রিয় ভ্রাতা ব্রত।

সুকুমার রায়, বড়ুয়া আর
অন্নদাকে চিনি
ছড়া লিখে এই আমাদের
করে গেছেন ঋণী।

এমন অনেক থোকা থোকা 
নাম আছে তা ঠিক 
একটা ছড়ায় যায় কি বোঝা
ছড়ার চতুর্দিক? 

অনেক উদাহরণ দিতে
পারব ভুরিভুরি
ছড়া লিখি ছড়া লিখব
বাজিয়ে হাতে তুড়ি। 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!