ছাত্রদল থেকেই রাজনীতির হাতেখড়ি: তারেক রহমান
ছাত্রদলের হাত ধরেই নিজের রাজনৈতিক শিক্ষার শুরু বলে মন্তব্য করেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। জাতীয়তাবাদের রাজনীতির লড়াইয়ের শিক্ষা ছাত্রদল থেকেই পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের উদ্যোগ নেওয়া এবং পরবর্তী সময়ে ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন গঠনের পেছনের অভিজ্ঞতাও তুলে ধরেছেন।
সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা জানান তারেক রহমান।
স্ট্যাটাসে তিনি লেখেন, ২০১১ সালে ছাত্রদলের মিছিলে সামনের সারিতে ছিলেন তিনি। ওই সময় রানীর দিঘীর পাড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের শহর শাখার নেতাকর্মীরা তাঁর গলায় এন্টিকাটার ধরেছিলেন বলে দাবি করেন তিনি।
তারেক রহমান জানান, ২০১৩ সালে কোটা আন্দোলনে অংশ নিতে একটি দল নিয়ে ঢাকায় এসে চারুকলার সামনে হামলার শিকার হন তাঁরা। ২০১৪ সালের নির্বাচনকেন্দ্রিক হরতাল-অবরোধেও সক্রিয় ছিলেন তিনি। পরে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে পড়াশোনার পাশাপাশি ব্যবসায় যুক্ত হন।
তবে ২০১৩ সালের কোটা আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ২০১৭ সালে আবারও আন্দোলনে অংশ নিতে ঢাকায় আসেন বলে জানান তিনি। তাঁর ভাষ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের উদ্যোগ তিনি নিজেই নিয়েছিলেন।
আন্দোলনের প্রস্তুতি সম্পর্কে তারেক রহমান লেখেন, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন শুরুর আগে তিনি পাবলিক লাইব্রেরিতে পড়াশোনা করতেন। সেখানে শিক্ষার্থীদের টেবিলে টেবিলে হাতে লেখা লিফলেট রেখে আন্দোলনের পক্ষে জনমত তৈরির চেষ্টা করতেন। শিক্ষার্থীদের বড় আন্দোলনের জন্য প্রস্তুত করতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
এ কাজে কনফিডেন্স ও ওরাকল সার্বিকভাবে সহযোগিতা করেছিল বলে দাবি করেন তারেক রহমান। বিশেষ করে কনফিডেন্সের শিক্ষক সানোয়ার স্যারের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।