২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে ক্ষমা চাওয়ার দাবি ডিআরইউর
সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ দাবি জানান।
এর আগে একই দিন পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে মন্তব্য করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
তিনি বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।’
আইজিপির এমন বক্তব্যকে আপত্তিকর ও অনভিপ্রেত উল্লেখ করে ডিআরইউ নেতারা বলেন, সাংবাদিকদের সততা ও পেশাদারত্ব নিয়ে ঢালাও মন্তব্য স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। মাদক ব্যবসা, অপরাধ, অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরা গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে সাংবাদিকদের সম্পর্কে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, কোনো সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রচলিত আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু পুরো সাংবাদিক সমাজকে নেতিবাচকভাবে উপস্থাপন করা কোনোভাবেই কাম্য নয়।
ডিআরইউ নেতাদের মতে, এ ধরনের মন্তব্য সাংবাদিকদের পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করার পাশাপাশি গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তাই আইজিপিকে অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তাঁরা।
বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণা করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।