ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

এনসিপিতে সামান্তার পদাবনতি, নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৮, ২৪ অক্টোবর ২০২৬
এনসিপিতে সামান্তার পদাবনতি, নেপথ্যে কী?
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সামান্তা শারমিন।

জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা ও বলিষ্ঠ বক্তব্যের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) শক্ত অবস্থান তৈরি করেছিলেন সামান্তা শারমিন। দলটির প্রতিষ্ঠাকাল থেকেই তিনি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য।

তবে শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে তার পদমর্যাদা কমানো হয়েছে। নতুন কমিটিতে তাকে রাখা হয়েছে যুগ্ম আহ্বায়ক পদে। একই সঙ্গে রাজনৈতিক পর্ষদেও তার নাম নেই বলে প্রকাশিত তালিকায় দেখা গেছে। 

সামান্তার পদাবনতি নিয়ে আলোচনায় প্রধানত দুটি বিষয় সামনে এসেছে—ব্যক্তিগত কারণে দলীয় কর্মকাণ্ডে তার নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য। তবে এ দুটির কোনটি পদ পরিবর্তনের প্রধান কারণ, সে বিষয়ে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

দলটির একাধিক সূত্রের ভাষ্য, সামান্তার স্বামী দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। তার চিকিৎসা ও দেখাশোনার কারণে গত কয়েক মাসে দলীয় কর্মকাণ্ডে আগের মতো সময় দিতে পারছিলেন না তিনি। ব্যক্তিগত পরিস্থিতির বিষয়টি সামান্তা সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছেন বলে সূত্রগুলো উল্লেখ করেছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সীমাবদ্ধতার কথাও তিনি দলকে জানিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। তবে এসব তথ্যের বিষয়ে সামান্তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, দলটির সঙ্গে তার দূরত্ব তৈরির পেছনে আদর্শিক মতপার্থক্যের বিষয়টিও আলোচনায় রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি জোট গঠনের সিদ্ধান্ত নিয়ে দলের ভেতরে মতভিন্নতা ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ওই সিদ্ধান্তের বিরোধিতা করে সামান্তা নির্বাচনে অংশ নেননি বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এরপর দলীয় বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণ কমে যায় বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। 

এ বিষয়ে এনসিপির পুনর্গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে দলের কয়েকজন সহযোদ্ধা নিষ্ক্রিয় হয়েছেন বা দল ছেড়েছেন। তবে তাদের প্রতি দলের ভালোবাসা আগের মতোই রয়েছে। সামান্তা এখনো দলে আছেন উল্লেখ করে তার বিষয়ে মন্তব্য করাও কঠিন বলে জানান তিনি।

সামান্তার নিষ্ক্রিয়তার কারণ সম্পর্কে আতিক মুজাহিদ বলেন, যতটুকু জেনেছেন, অসুস্থ স্বামীকে সময় দেওয়ার কারণে তিনি দলীয় কর্মকাণ্ডে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন। আদর্শিক কারণে তিনি মনঃক্ষুণ্ন হয়েছেন কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি এই নেতা। তবে ব্যক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে সামান্তা ভবিষ্যতে আরও সক্রিয় হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 

এদিকে এনসিপির পুনর্গঠিত কমিটিতে শুধু সামান্তার পদেই পরিবর্তন আসেনি, শীর্ষ নেতৃত্বেও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেন তাদের আগের পদে বহাল রয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব। আগের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবও নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!