ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

তুরস্কের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অংশীদার হতে পারে দক্ষিণ কোরিয়া

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১, ২ নভেম্বর ২০২৬
তুরস্কের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অংশীদার হতে পারে দক্ষিণ কোরিয়া
ছবি: রয়টার্স

তুরস্কের পরিকল্পিত সিনোপ পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে দক্ষিণ কোরিয়া অংশীদার হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সম্ভাবনার কথা জানান এরদোয়ান।

সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট জানান, তুরস্কের মালিকানাধীন কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশনের (কেইপকো) সঙ্গে কৃষ্ণ সাগর উপকূলের পরমাণু বিদ্যুৎ প্রকল্পের প্রযুক্তিগত ও অর্থনৈতিক বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।

তবে চূড়ান্ত অংশীদার নির্বাচনের আগে প্রকল্পের অর্থায়ন, বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং তুরস্কের অর্থনীতিতে এর সামগ্রিক সুবিধা বিবেচনা করা হবে বলে জানান তিনি।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সিউলে পৌঁছানোর কথা রয়েছে এরদোয়ানের। ২০১৮ সালের পর এটি হবে দক্ষিণ কোরিয়ায় তার প্রথম সফর। সফরকালে মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন তিনি।

ইয়োনহাপকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ান পরমাণু শক্তির পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকস খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তুরস্কে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও যৌথ উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। তবে বাণিজ্য ভারসাম্য দক্ষিণ কোরিয়ার অনুকূলে থাকায় এ ব্যবধান কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ স্থাপনকারী তুরস্কের বড় পরিবহন ও লজিস্টিকস প্রকল্পে অংশ নিতে দক্ষিণ কোরীয় কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান এরদোয়ান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!