ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতার শঙ্কা, বাড়ির মালিকদের সতর্ক করল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ২ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতার শঙ্কা, বাড়ির মালিকদের সতর্ক করল
গণ বিজ্ঞপ্তি

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। ভাড়াটিয়ার বাসায় বহিরাগত ব্যক্তি কিংবা অপরাধী চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত থানা বা উপজেলা প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে দায়ভার বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা পরিবারের বাইরের কোনো ব্যক্তিকে আশ্রয় দিলে কিংবা বহিরাগত কোনো অপরাধী চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে বিষয়টি দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে। এ বিষয়ে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগতরা যেন এলাকায় প্রবেশ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গত কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে। বিশেষ করে কালিয়াকৈর এলাকায় এ আন্দোলনের প্রভাব বেশি পড়েছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!