ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১৪, ২ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম
ফাইল ছবি

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এ ছাড়া মোটরসাইকেলের নকশা ও আকৃতি বিবেচনায় বিভিন্ন মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষমতাও পেয়েছে সংস্থাটি।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ-সংক্রান্ত সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর আগের প্রচলিত পদ্ধতির পাশাপাশি এক লাইনে প্রদর্শনের অনুমতি দিতে পারবে বিআরটিএ। এ ছাড়া মোটরসাইকেলের নকশা অনুযায়ী নম্বরপ্লেটের দৈর্ঘ্য ও প্রস্থের বিভিন্ন মাপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

পাশাপাশি নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, অক্ষরের মধ্যবর্তী ফাঁকা জায়গা এবং হাইফেনের দৈর্ঘ্যসহ বিভিন্ন বিষয় নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে বিআরটিএকে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!