ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের, মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২০, ৩ নভেম্বর ২০২৬
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের, মাউশির জরুরি নির্দেশনা
ফাইল ছবি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সারা দেশের সব শিক্ষাপ্রষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটিতে বিশেষ আয়োজনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

মাউশির অন্য এক চিঠিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশ দেওয়া হয়েছে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এ বছর ৭ নভেম্বর শনিবার থাকায় তা ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিন কর্মসূচি থাকায় প্রতিষ্ঠানে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসহ দূতাবাসে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এ আদেশ পালনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ নির্দেশনা সারা দেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, মাউশির সব অঞ্চলের পরিচালককে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!