ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ৮০ জন আহত

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ৩ নভেম্বর ২০২৬
শেরপুরে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ৮০ জন আহত
শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত একজন হাসপালে ভর্তি। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও আহত ব্যক্তিদের স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে পাগলা কুকুরের একটি দল ওই তিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় ঘুরে বেড়ায়। এ সময় সামনে যাকে পেয়েছে, তাকেই কামড় দিয়েছে। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) ও আইজউদ্দিন (৭০)। এ ছাড়া অন্য আহত ব্যক্তিরাও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ বলেন, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত টিকার সরবরাহ রয়েছে। আহত অন্য ব্যক্তিরা হাসপাতালে এলে তাদেরও প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/শেরপুর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!