ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, নষ্ট হচ্ছে খাদ্যপণ্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৭, ২ নভেম্বর ২০২৬
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, নষ্ট হচ্ছে খাদ্যপণ্য
ছবি: সংগৃহীত

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে সাইবার হামলার ঘটনা ঘটেছে। হ্যাকাররা দূর থেকে এসব শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে। সুইডেন, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড ও এস্তোনিয়ার বিভিন্ন সুপারমার্কেট এ হামলার শিকার হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে নিরাপত্তাঝুঁকিতে থাকা খাবার সরিয়ে নেওয়া হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) রাতে এসব দেশের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির ঘটনা শনাক্ত হয়। প্রাথমিকভাবে এটিকে তথ্যপ্রযুক্তিগত ত্রুটি মনে করা হলেও পরবর্তী সময়ে কয়েকটি প্রতিষ্ঠান সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে।

সুইডেনের সুপারমার্কেট চেইন আইসিএর মুখপাত্র গুস্তাফ নিলসন জানান, রাতের কোনো এক সময় তাদের সীমিতসংখ্যক দোকানের শীতলীকরণ ও হিমায়িত পণ্য সংরক্ষণের ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। দেশটির দক্ষিণাঞ্চলের শ্যোবো এলাকার আইসিএ কোয়ান্টাম শাখা কর্তৃপক্ষ জানায়, তাদের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা হ্যাক করে ৫০ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়েছিল। এতে সংরক্ষিত খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়।

এদিকে সুইডেনের আরেক সুপারমার্কেট চেইন কুপের কেন্দ্রীয় অঞ্চলের ছয়টি দোকানেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে।

বেলজিয়াম ও লুক্সেমবার্গে ডাচ মালিকানাধীন সুপারমার্কেট চেইন আহোল্ড ডেলহাইজের কয়েক ডজন দোকানের শীতলীকরণ ব্যবস্থা আক্রান্ত হয়েছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র সারাহ ডি মিস্টার জানান, তথ্যপ্রযুক্তিগত ঘটনার কারণে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে তাজা ও হিমায়িত খাদ্যপণ্যের সরবরাহ সাময়িকভাবে সীমিত করতে হয়েছে। তবে তাদের বিতরণকেন্দ্র ও পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বেলজিয়ামের ক্যারেফোর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ৭০০টির বেশি দোকানের মধ্যে ১৫টিতে হামলার প্রভাব পড়েছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, সামগ্রিক কার্যক্রমে এর প্রভাব সীমিত ছিল।

আয়ারল্যান্ডেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। দেশটির সুপারভ্যালু সুপারমার্কেট চেইনের ১৩টি দোকানের শীতলীকরণ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। এ ছাড়া বেলজিয়ামের একটি মাংসের দোকানে সাইবার হামলার কারণে প্রায় ১৫ হাজার ইউরো মূল্যের মাংস নষ্ট হয়েছে।

এস্তোনিয়ায় শীতলীকরণ প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান কিটম্যান কোল্ডটেক জানিয়েছে, হ্যাকাররা ফ্রিজ নিয়ন্ত্রণকারী একটি কম্পিউটারে প্রবেশ করে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে বাড়িয়ে দেয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। দেশটির সুপারমার্কেট চেইন সেলভারের একটি শাখাও এ ঘটনায় আক্রান্ত হয়েছিল।

এর আগে গত অক্টোবর মাসে ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটেও একই ধরনের সাইবার হামলা হয়। হ্যাকাররা দূর থেকে ফ্রিজ ও ফ্রিজারের নিয়ন্ত্রণ নিয়ে তাপমাত্রা মাইনাস ২৭ ডিগ্রি থেকে বাড়িয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি করে দেয়। এতে মাংস, দুগ্ধজাত পণ্য, আইসক্রিমসহ বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়। ফ্রান্সের প্রায় ৭০০ সুপারমার্কেট এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। ওই ঘটনায় কয়েক কোটি ইউরোর আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারগুলো সাধারণত ইন্টারনেট-সংযুক্ত নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। দূর থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রের ত্রুটি শনাক্ত করার সুবিধা থাকলেও যথাযথ সাইবার নিরাপত্তা নিশ্চিত না করলে এসব ব্যবস্থা হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

সাম্প্রতিক হামলায় কোনো নির্দিষ্ট হ্যাকার গোষ্ঠী দায় স্বীকার করেনি। ইউরোপের বিভিন্ন দেশের ঘটনাগুলোর মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি। সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি ইন্টারনেট-সংযুক্ত শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের যন্ত্রপাতির নিরাপত্তা জোরদার এবং পুরোনো সফটওয়্যার হালনাগাদের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এবিসি নিউজ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!