পদ্মায় জেলের জালে ৭২ কেজির তিন মাছ, বিক্রি যত টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুটি বড় কাতল ও একটি বাগাড় মাছ। মাছ তিনটির মোট ওজন ৭২ কেজি। পরে দৌলতদিয়ার মাছের আড়তে উন্মুক্ত নিলামে এগুলো বিক্রি হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকায়।
সোমবার (২ নভেম্বর) সকালে জেলে সেকেন সরদারের জালে মাছ তিনটি ধরা পড়ে। পরে সেগুলো দৌলতদিয়ার শিপন মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে আসা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান এ তথ্য জানান।
জেলে সেকেন সরদারের বরাত দিয়ে শাহজাহান জানান, সকালে সহযোগীদের নিয়ে পদ্মা নদীতে মাছ শিকারে যান তিনি। জাল ফেলার পর তা তুলতেই দুটি বড় কাতল ও একটি বাঘাআইড় মাছ দেখতে পান। পরে আড়তে ওজন করে দেখা যায়, বাগাড় মাছের ওজন ২৫ কেজি। দুটি কাতলের ওজন যথাক্রমে ২৫ ও ২২ কেজি।
শাহজাহান জানান, আড়তে উন্মুক্ত নিলামে মাছ তিনটি তিনি প্রথমে কিনে নেন। ২৫ কেজি ওজনের কাতলটি প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে ৫৭ হাজার ৫০০ টাকায় এবং ২২ কেজির কাতলটি একই দরে ৫০ হাজার ৬০০ টাকায় কেনেন। এ ছাড়া ২৫ কেজির বাগাড় মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে কেনেন ৪০ হাজার টাকায়। সব মিলিয়ে মাছ তিনটি কিনতে তাঁর খরচ হয় ১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।
পরে এক কাতারপ্রবাসীর কাছে মাছ তিনটি বিক্রি করেন তিনি। এ সময় দুটি কাতল প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় এবং বাগাড়টি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে ৪২ হাজার টাকায় বিক্রি হয়। সব মিলিয়ে মাছ তিনটি বিক্রি করে তিনি পান ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।
শিপন মণ্ডলের মৎস্য আড়তের মালিক শিপন মণ্ডল বলেন, সকালে জেলে সেকেন সরদার মাছগুলো নিয়ে আড়তে আসেন। পরে উন্মুক্ত নিলামে মাছ তিনটি কিনে নেন ব্যবসায়ী শাহজাহান। তিনি আরও বলেন, দৌলতদিয়ার এ বাজারে শুধু পদ্মা নদীর মাছ কেনাবেচা হয়। যে কেউ এখানে এসে উন্মুক্ত নিলামে অংশ নিতে পারেন।