ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
মুচলেকা দিলেন বাবা ও কাজী

বিয়ের আসর বসার আগেই থামল ১৩ বছরের কিশোরীর বিয়ে

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ২ নভেম্বর ২০২৬
বিয়ের আসর বসার আগেই থামল ১৩ বছরের কিশোরীর বিয়ে
বাল্য বিবাহ বন্ধে উপজেলা প্রশাসন। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ১৩ বছর ১০ মাস বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ নভেম্বর) দুপুরে পৌর শহরের দড়ি চণ্ডিবের উত্তরপাড়া এলাকায় কনের বাড়িতে অভিযান চালিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই তা বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকার এক বাসিন্দার মেয়ের সঙ্গে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগানগর গ্রামের এক যুবকের বিয়ের দিন ধার্য করা হয়েছিল। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও বিয়ের আয়োজন চলছে, এমন তথ্য পেয়ে অভিযান চালায় প্রশাসন।

প্রথমে ভূমি অফিসের দুই কর্মীকে ঘটনাস্থলে পাঠিয়ে বিষয়টি যাচাই করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পাওয়ার পর তিনি নিজেই সেখানে উপস্থিত হন। এ সময় কনের পরিবারের কাছে বয়সের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়া হলে তারা তা দেখাতে পারেননি। পরে জন্মনিবন্ধন সনদ যাচাই করে কনের বয়স ১৩ বছর ১০ মাস বলে নিশ্চিত হন তিনি।

ঘটনাস্থলে কাজী ওসমান গণি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন। পরে কাজী ও কনের অভিভাবকদের উপজেলা ভূমি অফিসে নেওয়া হয়।

সেখানে কনের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন অভিভাবকরা। কনের বাবা নিজের ভুল স্বীকার করায় মুচলেকা গ্রহণের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কর্মীদের পাঠিয়ে বিয়ের আয়োজনের সত্যতা যাচাই করা হয়। পরে নিজে ঘটনাস্থলে গিয়ে বয়সের প্রমাণপত্র দেখে বিয়ে বন্ধ করা হয়েছে। কনের বাবা ভুল স্বীকার করায় অভিভাবক ও কাজীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!