নালিতাবাড়ীতে ১১০ শিক্ষার্থীকে পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ দিল বারটান
শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করতে শেরপুরের নালিতাবাড়ীতে ফলিত পুষ্টিবিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে নবম ও দশম শ্রেণির ১১০ জন শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংশ)’-এর আওতায় ক্যাম্পেইনটি আয়োজন করা হয়।
বারটান নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে কর্মসূচি পরিচালিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টি, ফলিত পুষ্টি, খাবারের বিভিন্ন উপাদান, পুষ্টিকর ও অস্বাস্থ্যকর খাবার এবং সুস্থ জীবনযাপনের নানা দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সুষম খাবার গ্রহণ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মসূচি শেষে অংশ নেওয়া ১১০ শিক্ষার্থীর প্রত্যেককে দুটি করে ফলের চারা, একটি পুষ্টি প্লেট, খাতা ও কলম উপহার দেওয়া হয়।