শেরপুরে যুব দিবস উদযাপন, তরুণদের মধ্যে ঋণের চেক ও সনদ বিতরণ
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যুবকদের মধ্যে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক হারুনুর রশিদ।
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল হক ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বিপুলসংখ্যক তরুণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাড়াতে হবে। বেকারত্ব কমাতে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তরুণদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতা যথাযথভাবে কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম এ ক্ষেত্রে তরুণদের স্বাবলম্বী হতে সহায়তা করছে।
পরে যুবকদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এসব সহায়তা নতুন উদ্যোক্তা তৈরি, ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোগ গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দক্ষ, আত্মপ্রত্যয়ী ও কর্মমুখী যুবসমাজ তৈরির পাশাপাশি যুব উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন বক্তারা।