ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]
এইচএসসির ফল প্রকাশ

২৯৩ প্রতিষ্ঠানে এইচএসসিতে পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৭, ৩১ অক্টোবর ২০২৬
২৯৩ প্রতিষ্ঠানে এইচএসসিতে পাস করেনি কেউ
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। এ বছর দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবারও পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৫ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ১৪ শতাংশ।

বোর্ডভিত্তিক প্রাপ্ত তথ্যে, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ, বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ এবং দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ছিলেন। তাঁদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয় এবং ৯ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!