ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

শূন্য পাস করা ২৯৩ প্রতিষ্ঠান নিয়ে নতুন পরিকল্পনা সরকারের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ৩১ অক্টোবর ২০২৬
শূন্য পাস করা ২৯৩ প্রতিষ্ঠান নিয়ে নতুন পরিকল্পনা সরকারের
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করা ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুন পরিকল্পনা করছে সরকার। এসব প্রতিষ্ঠান সরাসরি বন্ধ না করে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাসের চিন্তাভাবনা চলছে। তবে এ প্রক্রিয়ায় কোনো শিক্ষকের চাকরি যাবে না বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম আহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। চাইলেই এসব প্রতিষ্ঠান রাতারাতি বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তাই প্রতিষ্ঠানগুলো কীভাবে সীমিত পরিসরে পুনর্বিন্যাস করা যায়, সে বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা এটা জানি যে অনেক জায়গায় অযাচিত অনেক কলেজ হয়েছে। রাতারাতি তো বন্ধ করে দেওয়া যাবে না। তবে সেগুলোকে সীমিত পরিসরে কীভাবে আমরা রি-অ্যাডজাস্ট করব, সে ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে।’

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠান পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা যায় কি না, তা বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, ‘জিরো পার্সেন্টেজ এবারও বেড়েছে, মানে জিরো পাস করা প্রতিষ্ঠানেরও সংখ্যা বেড়েছে। তো সেগুলোকে নিয়ে আমরা কনসিডার করব, কীভাবে পার্শ্ববর্তী জায়গায় মার্জ করা যায় কি না। তবে শিক্ষকদের চাকরি যাবে না, এটা আমি নিশ্চিত করতে পারি।’

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!