ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

জনগণকে লাল কার্ড দেখিয়েছে সরকার: জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৮, ৩১ অক্টোবর ২০২৬
জনগণকে লাল কার্ড দেখিয়েছে সরকার: জামায়াত নেতা
লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংগৃহীত ছবি

জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সরকার জনগণকে লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে বিএনপি ভুল পথে হাঁটছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি ভুল পথে পা বাড়িয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে। সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধন কমিটি গঠন করে সরকার একদলীয় শাসনের পথে এগোচ্ছে। জুলাই সনদের সঙ্গে গাদ্দারি করে সরকার জনগণকে লাল কার্ড দেখিয়েছে।’

এ সময় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনার নিন্দা জানান তিনি।

এর আগে শনিবার সকাল ৭টায় সাত দফা দাবিতে ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু করে ১১ দলীয় ঐক্য।

জোটটির দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।

এ ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও জানিয়েছে জোটটি।

এসব দাবি আদায়ে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!