জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার: শফিকুর রহমান
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে সরকার স্বৈরশাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের সঙ্গে প্রতারণা ও অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণ ভোট দিয়েছে, কিন্তু সরকার সেই রায় মানছে না। জনগণকে অপমান ও প্রতারণা করছে। ধোঁকা দেওয়ার পাশাপাশি মিথ্যাচারও করছে সরকার। এসব অন্যায় মেনে নেওয়া হবে না।’
সাত দফা দাবির বিষয়ে তিনি বলেন, তাদের প্রথম ও প্রধান দাবি গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা। জনগণের সমর্থন থাকলে সব দাবি আদায় করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, ‘এই জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে। সেই জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।’
এ সময় দাবি আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জোটটির সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
এ ছাড়া প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব প্রতিরোধের দাবিও রয়েছে।
এসব দাবি আদায়ে ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।