ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]
শ্রমিক আন্দোলন

হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৭, ৪ নভেম্বর ২০২৬
হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে পঞ্চম দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চল। বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি।

সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানায় হাজিরা দেওয়ার পর শ্রমিকরা বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে জড়ো হলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

পরে সকাল ৯টা ১৫ মিনিটে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অন্যদিকে, আশুলিয়ায় পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকলেও কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। হা-মীম ও শারমীন গ্রুপের শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন জানান, আশুলিয়ায় বর্তমানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি নেই। সেখানে বিজিবি মোতায়েন রয়েছে। তবে হেমায়েতপুরের পরিস্থিতি সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!