রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৯
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫৭টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের মধ্যে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, গুলশান বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযানকালে তাদের কাছ থেকে দুটি বিস্ফোরিত ককটেলের অংশ, দুই লিটার পেট্রল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮টি ইয়াবা ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ছাড়া আটটি মুঠোফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।