ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩৮০০ রিয়াল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭, ৩ নভেম্বর ২০২৬
জমজমের পানি পাচারের চেষ্টা, জরিমানা ৩৮০০ রিয়াল
সংগৃহীত ছবি

সৌদি আরব থেকে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। গাড়ির পেছনের অংশে পানি লুকিয়ে দেশটির বাইরে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের আইন অনুযায়ী জমজমের পানি রপ্তানি নিষিদ্ধ। যথাযথ ঘোষণা ছাড়া দেশটির বাইরে এসব পানি নেওয়ার চেষ্টা শুল্ক আইনে পাচার হিসেবে গণ্য হয়েছে। রিয়াদে অবস্থিত দ্বিতীয় প্রাথমিক কাস্টমস কমিটির এক রায়ে এ তথ্য জানানো হয়।

রায়ের বিবরণ অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহাদ কজওয়ে কাস্টমস তল্লাশিচৌকিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের বুটের ভেতর লুকিয়ে রাখা ৩৮০ লিটার জমজমের পানি উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা।

কমিটি জব্দ করা পানির সমপরিমাণ মূল্য হিসেবে ওই ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করেছে। একই সঙ্গে উদ্ধার করা পানি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি কৌঁসুলিপক্ষ ওই ব্যক্তিকে জরিমানার পাশাপাশি কারাদণ্ড এবং জব্দ করা পানি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছিল। তবে কমিটি কারাদণ্ডের আবেদন নাকচ করে দেয়।

কমিটির যুক্তি, ওই ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড নেই। এ ছাড়া আর্থিক জরিমানাই তার অপরাধের জন্য যথেষ্ট শাস্তি।

গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশগুলোর সমন্বিত শুল্ক আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ নম্বর ধারায় এ রায় দেওয়া হয়েছে। এসব ধারায় শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারের সংজ্ঞা এবং এ ধরনের অপরাধের শাস্তির বিধান রয়েছে।

তথ্যসূত্র: খালিজ টাইমস

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!