ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪২, ৩ নভেম্বর ২০২৬
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। পাশাপাশি শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তাসহ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোকে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

হুমায়ুন কবির বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন প্রয়োজন।

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ বাড়াতে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোকে নতুন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সোমবার অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় (এইউএ) অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (সিএফএএমএম) রিট্রিট অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন হুমায়ুন কবির।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!